শিরোনাম

সুনামগঞ্জে বাসভাড়া বাগ্‌বিতণ্ডায় পরিবহন ধর্মঘট, যাত্রীরা বিপাকে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০৪

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার কারণে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। এতে হাজারো যাত্রী ভোগান্তির মুখে পড়েছেন।

রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জ জেলা থেকে দেশের অন্যান্য সব অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী পরিবহন শ্রমিকদের মারধর এবং বাসে ভাঙচুর চালায়। পাশাপাশি শ্রমিক নেতা আনোয়ারের ওপর হামলা এবং শ্রমিক দেলোয়ারের মুক্তির দাবি জানিয়ে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবি না মেটালে ধর্মঘট অব্যাহত রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

সোমবার (৪ আগস্ট) থেকে শ্রমিকরা সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে অবস্থান নেন এবং সব ধরনের পরিবহন চলাচল বন্ধ করে দেন। তারা মহাসড়কও অবরুদ্ধ করে দেয়, ফলে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পেছনে জানা যায়, ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে, “আমরা (সুবিপ্রবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা) নিয়মিত যাতায়াতের জন্য ৯ জন নতুন বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেছিলাম। হেলপারকে তিনজন মিলে ২০০ টাকার একটি নোট দিলে হেলপার অবজ্ঞাসূচক আচরণ শুরু করেন এবং ভাড়া ফেরত দিতে অস্বীকৃতি জানান। পরে দিরাই রাস্তার কাছে শিক্ষার্থী আরিফ বাকি টাকা দাবি করলে হেলপার তার ওপর চড়াও হয়, মারধর করে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও আঘাত করে। এতে একজন শিক্ষার্থী রাহাত মারাত্মকভাবে আহত হন, মাথায় ফাটা লাগে।”

শিক্ষার্থীরা আরও জানান, প্রক্টরিয়াল বডি এবং শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করা হয় এবং তারা ক্লাসে ফিরে যান। একই সঙ্গে তারা ঘটনার অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন।

সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। অনেকে মনে করছেন, এ ধরনের ধর্মঘট সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ায়, যা কোনোভাবেই সমস্যা সমাধানের পথ হতে পারে না।

error: Content is protected !!