ছবি সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তার এই পদক্ষেপে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেম সংলগ্ন মালে আদুমিম এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা প্রতিশ্রুতি পূরণ করছি—এই ভূমিতে কোনও ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না, এটি আমাদের।”
চুক্তি অনুযায়ী বিতর্কিত ই১ অঞ্চলে ৩ হাজার ৪০০ নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এতে পূর্ব জেরুজালেম কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে পূর্ব জেরুজালেমকেই ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৯৬৭ সালের পর গড়ে ওঠা সব বসতিই অবৈধ। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই শান্তির একমাত্র সমাধান। নেতানিয়াহুর পদক্ষেপ অঞ্চলটিকে আরও গভীর সংকটে ঠেলে দেবে বলেও তিনি মন্তব্য করেন।
জাতিসংঘ বহুবার ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছে। এ বিষয়ে জার্মানি, ফ্রান্স ও বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেছে। তবে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার অবস্থান এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সহিংসতা বেড়েছে। সোমবার জেরুজালেমে এক বন্দুক হামলায় ছয়জন নিহত হন। অন্যদিকে ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।
