শিরোনাম

বিপিএলের ম্যাচ শুরুর আগে মাঠেই হার্ট অ্যাটাক, মারা গেলেন কোচ মাহবুব আলী জাকি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১২-২৭
ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ শুরুর প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে দুই দলের খেলোয়াড়রা মাঠের দুই প্রান্তে ওয়ার্মআপে ব্যস্ত ছিলেন। কোচিং স্টাফদের উপস্থিতিতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মাহবুব আলী। সঙ্গে সঙ্গে তাঁকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ মাহবুব আলী জাকির মৃত্যুর খবর বিসিবিকে অবহিত করেছে। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, হার্ট অ্যাটাকেই তাঁর মৃত্যু হয়েছে।

অসুস্থ হওয়ার পর মাঠে মাহবুব আলীকে ঘিরে সাময়িকভাবে জটলা সৃষ্টি হয়। এর আগে ঢাকা ক্যাপিটালস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ বোধ করায় মাঠেই পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার পর তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ চলাকালীন সময়েই মাহবুব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমে আসে গভীর শোকের ছায়া।

  • ঢাকা ক্যাপিটালস
  • বিপিএল ২০২৬
  • error: Content is protected !!