ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো হৃদরোগ। এর পেছনে প্রধান ভূমিকা রাখে উচ্চ রক্তচাপ, অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপান এবং অতিরিক্ত ওজন। হৃদরোগ প্রতিরোধে প্রয়োজন স্বাস্থ্যকর জীবনধারা, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ জীবনযাত্রা অনুসরণ করলে হৃদরোগ শুধু নিয়ন্ত্রণই নয়, অনেক ক্ষেত্রে প্রতিরোধও সম্ভব।
হৃদযন্ত্র সুরক্ষায় সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে খাদ্যাভ্যাস। এমন খাবার বেছে নিতে হবে যা রক্তচাপ কমাতে, হার্টের কার্যক্ষমতা বাড়াতে এবং ধমনিতে প্লাক জমা প্রতিরোধে সহায়তা করে।
বেশি খান উদ্ভিজ্জ খাবার
ফল, শাকসবজি, ডাল, বাদাম ও সম্পূর্ণ শস্য থেকে শরীর পায় ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং উপকারী চর্বি। উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাস—যেমন মেডিটেরেনিয়ান ডায়েট—রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট কমান
লাল মাংস, মাখন, চিজ, ভাজা ও প্রক্রিয়াজাত খাবারে থাকা স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট খারাপ কোলেস্টেরল (এলডিএল) বাড়ায়। এর পরিবর্তে বাদাম, বীজ, অ্যাভোকাডো এবং অলিভ অয়েলের মতো স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করুন।
রিফাইন্ড শস্যের বদলে হোল গ্রেইন
ওটস, ব্রাউন রাইস, কুইনোয়া বা পুরো গমের রুটি ফাইবারসমৃদ্ধ, যা কোলেস্টেরল কমায় ও হজমে সহায়তা করে। অন্যদিকে, সাদা পাউরুটি বা অতিরিক্ত চিনি-সমৃদ্ধ সিরিয়াল রক্তে শর্করা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করে।
লবণ ও চিনি কমান
অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের কারণ হয়। একইভাবে, অতিরিক্ত চিনি ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়ায়, যা হার্টের জন্য ক্ষতিকর। তাই খাবারের লেবেল দেখে কেনা, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা এবং ঘরে রান্না করার অভ্যাস হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে।
হার্টবান্ধব খাবার বেছে নিন
পাতাযুক্ত শাকসবজি, বেরি ফল, স্যামন বা সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছ, রসুন ও গ্রিন টি খাদ্যতালিকায় রাখলে রক্তসঞ্চালন উন্নত হয়, প্রদাহ কমে এবং হার্ট থাকে সুস্থ।
হার্টের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মূলনীতি
অস্বাস্থ্যকর চর্বি, লবণ ও চিনি সীমিত করে প্রাকৃতিক খাবারের ওপর নির্ভরশীল ডায়েট অনুসরণ জরুরি। নিয়মিত এ ধরনের খাদ্যাভ্যাস হৃদরোগ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অনেক ক্ষেত্রেই উন্নতি ঘটাতে পারে।
হার্টের ওষুধ হলো ব্যায়াম
খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে নিয়মিত শারীরিক কার্যকলাপ হৃদরোগ প্রতিরোধ ও ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। চিকিৎসকরা প্রতিদিন অন্তত ৩০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম—যেমন দ্রুত হাঁটা, সাইক্লিং বা সাঁতার—করতে পরামর্শ দেন।
ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ওজন কমায় এবং হার্টের পেশি শক্তিশালী করে। ছোট ছোট অভ্যাসও কাজে দেয়—যেমন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার, কাজের বিরতিতে স্ট্রেচিং বা যোগব্যায়াম অনুশীলন।
