শিরোনাম

শীতে কলা খাওয়া ক্ষতিকর নয়, বরং উপকারী: চিকিৎসকদের পরামর্শ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-০৭
ছবি সংগৃহীত

শীতের সময় অনেকের ধারণা, কলা খেলে ঠান্ডা লেগে যায়। তাই অনেকে এই মৌসুমে কলা খাওয়া এড়িয়ে চলেন। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং শীতেও পরিমিত পরিমাণে কলা খাওয়া শরীরের জন্য বেশ উপকারী।

বিশেষজ্ঞরা জানান, কলা খাওয়া ও ঠান্ডা লাগার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। বৈজ্ঞানিকভাবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি যে কলা খেলে ঠান্ডা হয়।

তবে যাদের আগে থেকেই অ্যালার্জি, হাঁপানি, নাক দিয়ে পানি পড়া বা ঘন ঘন হাঁচির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কলা খাওয়ার পর সামান্য অস্বস্তি হতে পারে। এমন পরিস্থিতিতে কয়েকদিনের জন্য কলা না খাওয়াই ভালো।

অনেকে ঠান্ডা লাগলে কলা বা টক ফল খেতে বারণ করেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন—পরিমিত পরিমাণে এসব ফল খাওয়ায় কোনো ক্ষতি নেই। বরং কলায় থাকা ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তবে যাদের কিডনি সমস্যা বা শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে অবশ্য সতর্ক থাকা প্রয়োজন, কারণ কলায় পটাশিয়ামের পরিমাণ তুলনামূলকভাবে বেশি।

চিকিৎসকদের মতে, কলায় থাকা ফাইবার হজমে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস রোগীরাও চাইলে সীমিত পরিমাণে কলা খেতে পারেন, কারণ এতে থাকা ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কলা রক্তচাপ কমাতে, হৃদরোগ প্রতিরোধে এবং মস্তিষ্ককে সক্রিয় রাখতে সহায়তা করে।

অর্থাৎ, শীতে কলা খাওয়া কোনোভাবেই ক্ষতিকর নয়—বরং এটি শরীরের জন্য উপকারী। তাই ঠান্ডার ভয়ে কলা খাওয়া বন্ধ না করে পরিমিতভাবে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

 

error: Content is protected !!