শিরোনাম

সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-০৪

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সৈয়দ কুতুব জালাল মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশার মর্যাদা, মানবিকতা ও কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠানে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
বিদ্যালয়ের ১৯৯৭ থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা এবং প্রয়াত শিক্ষকদের মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসা, কৃতজ্ঞতা ও স্মৃতিচারণার মিলনমেলায়।
এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থী আব্দুল জলিলের সঞ্চালনায় এবং বর্তমান প্রধান শিক্ষক আব্দুল মালিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয় সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী এবং সিনিয়র সহকারী শিক্ষক এ.এইচ.এম হায়দার জাহানকে।
পাশাপাশি প্রয়াত শিক্ষক জিতেন্দ্র চন্দ্র মালাকার ও সহকারী শিক্ষক কাহির আহমদকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল—সংবর্ধিত তিন শিক্ষককে পবিত্র উমরাহ হজ পালনের সম্মানী উপহার প্রদান। একই সঙ্গে প্রয়াত শিক্ষকদের পরিবারকেও সমপরিমাণ সম্মানী উপহার তুলে দেওয়া হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
সম্মাননা গ্রহণ করে বক্তব্যে শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে তাদের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। আবেগভরা কণ্ঠে তাঁরা দায়িত্ব পালনকালে এলাকাবাসীর নিঃশর্ত সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম, হুমন আহমদ চৌধুরী এবং যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক, ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক ও সাবেক প্রভাষক শামসুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে শামসুল ইসলাম বলেন, শিক্ষকদের প্রতি ছাত্র-ছাত্রীদের এমন সম্মান ও ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। এটি শিক্ষকতার মর্যাদা ও সমাজে শিক্ষকদের প্রভাবের উজ্জ্বল উদাহরণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন তোলা মিয়া, আব্দুস শহীদ মাস্টার, সমবায় কর্মকর্তা ফয়সল আহমদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অভিভাবক ও সাবেক শিক্ষার্থীবৃন্দ।

error: Content is protected !!