শিরোনাম

২০২৬ বিশ্বকাপে পেনাল্টি নিয়মে বড় পরিবর্তন আসছে: ফেরত বল থেকে আর গোল নয়

: স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-১৮

২০২৬ বিশ্বকাপে পরিবর্তন আসতে পারে ফুটবলের এক ঐতিহাসিক নিয়মে। পেনাল্টি কিক থেকে আর রিপাউন্ডে গোল করা যাবে না—শুধুমাত্র প্রথম শটেই গোল করার সুযোগ থাকবে। এমন নিয়ম চালুর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ফুটবলের নিয়ম নির্ধারণকারী সংস্থা আইএফএবি (IFAB)।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ পেনাল্টি মিস করে, তাহলে খেলা সঙ্গে সঙ্গেই থেমে যাবে এবং প্রতিপক্ষ দল গোল-কিক দিয়ে খেলা শুরু করবে। বল গোলরক্ষক থেকে ফিরে এলেও, কিংবা পোস্টে লেগে ফিরলেও, আর কেউ সেই বল ধরে গোল করতে পারবে না—না প্রথম শট নেওয়া খেলোয়াড়, না দলের অন্য কেউ।

এই নিয়ম কার্যকর হলে ফুটবলের অনেক স্মরণীয় মুহূর্ত আর দেখা যাবে না। যেমন, ইউরো ২০২০-র সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে হ্যারি কেইনের নেওয়া অতিরিক্ত সময়ের পেনাল্টি। সেই পেনাল্টি ঠেকিয়েছিলেন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল, তবে বল ফিরে আসলে কেইন তা আবার জালে জড়ান। কিংবা ২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জাবি আলোনসোর গোল, যেখানে ফিরতি শটেই তিনি গোল করেন—এই মুহূর্তগুলো ভবিষ্যতে আর বৈধ থাকবে না।

আইএফএবি চায় পেনাল্টিকে একটি একক ও নিরপেক্ষ সুযোগ হিসেবে বিবেচনা করতে, ঠিক যেভাবে হকিতে ‘পেনাল্টি স্ট্রোক’ কার্যকর হয়। যদি প্রথম শটেই গোল হয়, খেলা শুরু হবে মাঝমাঠ থেকে। আর যদি গোল না হয়, তাহলে ডিফেন্ডিং দল গোল-কিক নিয়ে খেলা শুরু করবে।

এই নিয়মের অন্যতম উদ্দেশ্য হলো পেনাল্টির সময় ‘এনক্রোচমেন্ট’—অর্থাৎ বল শুট করার আগেই খেলোয়াড়দের ঢুকে পড়া—এই বিতর্ক কমানো এবং আক্রমণকারী দলের বাড়তি সুবিধা রোধ করা।

এছাড়াও আইএফএবি আরও কিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় হলুদ কার্ড কিংবা কর্নার সিদ্ধান্তে VAR-এর হস্তক্ষেপ, তবে এসব কেবল তখনই কার্যকর হবে যখন স্পষ্ট কোনো ভুল থাকবে এবং তা দ্রুত সংশোধন করা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রে আয়োজিত ক্লাব বিশ্বকাপ চলাকালে এসব পরিবর্তন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে এবং অনেক সিনিয়র ফুটবল কর্তা এসব প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন।

২০২৬ সালে ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ হবে আরও বড় ও আধুনিক। তাই তার আগেই, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে এসব পরিবর্তন চূড়ান্ত করার পরিকল্পনা করছে আইএফএবি।

  • FIFA 2026 rules
  • penalty rule change
  • error: Content is protected !!