ছবি: সংগৃহীত
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪ দফা কর্মপরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
রোডম্যাপ অনুযায়ী গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে—সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, দেশি–বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক অনুমোদন, ভোটকেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং ব্যবস্থা, আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ ও প্রচারণা কার্যক্রম।
ইসি জানিয়েছে, ভোটের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। এর আগে সেপ্টেম্বরে শুরু হবে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে সংলাপ, যা চলবে দেড় মাস।
ভোটার তালিকা চূড়ান্ত হবে ৩০ নভেম্বর, আর সংসদীয় আসনের সীমানা নির্ধারণের গেজেট প্রকাশ করা হবে সেপ্টেম্বরে। এছাড়া নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে, যা সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা করেছে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
