ছবি সংগৃহীত
সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম ঘোষণা দিয়েছেন, আগামী ৭ অক্টোবরের মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও টমটম বন্ধ না করা হলে এবং শ্রমিকদের ওপর হামলাকারী ও গাড়ি ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় না আনা হলে ৮ অক্টোবর থেকে জেলার সব ধরনের পরিবহণ চলাচল বন্ধ করে দেওয়া হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। এতে সিলেটের বিভিন্ন পরিবহণ সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মইনুল ইসলাম অভিযোগ করে বলেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধে প্রশাসন কার্যক্রম শুরু করলেও এর বিরোধিতা করে গত বুধবার উপশহরের মাইক্রো স্ট্যান্ডে হামলা চালানো হয়। একই সঙ্গে কোর্ট পয়েন্ট এলাকায় সিএনজি অটোরিকশার ওপরও হামলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, “ব্যাটারিচালিত রিকশা বিদ্যুতের অপচয় ঘটাচ্ছে, তীব্র যানজট সৃষ্টি করছে। দেশের স্বার্থে এ ধরনের যানবাহন উচ্ছেদ জরুরি। পরিবহণ মালিক ও শ্রমিকরা এই আন্দোলন চালিয়ে যাবে।”
