ছবি সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত। তবে মাঠের রোমাঞ্চকর জয়কে ঘিরে যে উৎসবের আমেজ তৈরি হওয়ার কথা, তা পরিবর্তে পরিণত হয়েছে নতুন এক বিতর্কে।
ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করেই শুরু হয় এই বির্তক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। ফলে চ্যাম্পিয়ন ট্রফি মঞ্চে না নিয়েই ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে নাকভি মঞ্চ ছাড়ার পর ভারতীয় খেলোয়াড়রা ট্রফি ছাড়াই আলাদা করে দলীয় ছবি তোলেন ও নিজেদের মতো করে উদযাপন করেন। ভারতের গণমাধ্যমের দাবি, সরকারের নির্দেশেই ক্রিকেটাররা নাকভির হাত থেকে ট্রফি নেননি।
এদিকে, ভারত শিরোপা জয়ের পর আরও একটি নতুন বিতর্ক তৈরি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটকে ঘিরে। তিনি এক্স (সাবেক টুইটার) এ লেখেন— “খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারত বিজয়ী। আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা।”
মোদির এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জবাবে লেখেন, “যদি যুদ্ধই তোমাদের গর্বের মানদণ্ড হয়, তবে ইতিহাস সাক্ষ্য দেবে পাকিস্তানের হাতে ভারতের লজ্জাজনক পরাজয়ের। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্য বদলাতে পারবে না। খেলায় যুদ্ধের প্রসঙ্গ টানা কেবল হতাশার বহিঃপ্রকাশ, যা খেলাধুলার চেতনাকেই অসম্মান করে।”
পুরস্কার বিতরণীতে রানার্সআপ পাকিস্তানের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রানার্সআপ চেকও তোলেন নাকভি ও বুলবুল একসঙ্গে। তবে ভারতীয় ক্রিকেটাররা তাদের পুরস্কার গ্রহণ করেন অন্য অতিথিদের কাছ থেকে।
সব মিলিয়ে, এশিয়া কাপের মাঠের লড়াই শেষ হলেও ভারত-পাকিস্তান দ্বন্দ্বের নতুন অধ্যায় আলোচনার জন্ম দিয়েছে।
