শিরোনাম

ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত সরকার: প্রধান উপদেষ্টা

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-১০-২২
ছবি সংগৃহীত

ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর কার্যকালে বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।

বৈঠকে জার্মান রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান।

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে—এটা অত্যন্ত উৎসাহজনক।” তিনি সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের প্রশংসা করেন, বিশেষ করে জুলাই জাতীয় সনদের।

রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলোচনা করতে দেখা ইতিবাচক সংকেত। নির্বাচনের পরও এসব সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি প্রশংসনীয় কাজ করেছে—বড় রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে সনদে সই করানো ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, “এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যা ঐক্য ও পরিবর্তনের প্রতি অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে। এই উদ্যোগ আসন্ন নির্বাচনের আগে জনগণের আস্থা তৈরিতে সহায়তা করবে।”

প্রধান উপদেষ্টা পুনরায় উল্লেখ করেন, “ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার জন্য সরকার সম্ভাব্য সব কিছু করছে।”

আলোচনায় রাষ্ট্রদূত জার্মানিতে পড়াশোনা করতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগকে স্বাগত জানান।

এ সময় তারা রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি এবং এই বিষয়ে জার্মানির সহযোগিতার বিষয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, জার্মানি ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং নতুন রাষ্ট্রদূতের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

error: Content is protected !!