ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার রায়েরগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের আলমপুর স্টেশনের ওয়ারহাউস ইন্সপেক্টর যীশু তালুকদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং কমপক্ষে ১৯টি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয়দের তথ্য মতে, মধ্যরাতে এক বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুইটি বাড়িতে। ক্ষতিগ্রস্তদের মধ্যে নাট্যকর্মী সুমন রায়ের পুরো ঘরও আগুনে ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গেলেও রাস্তা সংস্কার কাজ চলায় বড় গাড়িগুলো আগুনের কাছে পৌঁছাতে পারেনি। পরে ছোট ইউনিট গিয়ে কাছের পুকুরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর পেয়ে সিলেট-৩ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।
