রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শনকালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করতে না পারলে দায়িত্বে থাকার কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, “আমরা হজযাত্রীদের খাদেম—তাদের সেবাই আমাদের প্রধান দায়িত্ব।”
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে আসন্ন হজ কার্যক্রমকে সামনে রেখে আকস্মিকভাবে হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানও হজ ক্যাম্প পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি হজযাত্রীদের সার্বিক সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজযাত্রীরা ক্যাম্পে আসতে শুরু করেছেন।
পরিদর্শনের সময় ধর্মমন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি, ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা এবং যাত্রীদের থাকা-খাওয়ার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি ও বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ নেন।
এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, হজযাত্রীরা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্নভাবে পবিত্র সফরে যেতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব সংক্রান্ত অভিযোগের বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, সমস্যা সমাধানে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।