শিরোনাম

টানা দ্বিতীয়দিনের মতো উত্তাল লস অ্যাঞ্জেলেস, মোতায়েন দুই হাজার ন্যাশনাল গার্ড সেনা

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৬-০৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর টানা দ্বিতীয়দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প প্রশাসন শহরটিতে ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েন করেছে। এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইন।

বিবিসির খবরে বলা হয়, নথিপত্রহীন অভিবাসীদের ধরতে গত শুক্রবার থেকে দেশটির প্রশাসন অভিযান শুরু করে। এই অভিযান ঘিরেই শহরে বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউজ।

শনিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, “রাজ্যে অনাচার ও বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়ায় জাতীয় নিরাপত্তা রক্ষার্থে ট্রাম্প প্রশাসন ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।”

আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, শনিবার লস অ্যাঞ্জেলেসের দক্ষিণাঞ্চলে বিক্ষোভ চলাকালে কয়েক ডজন বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফেডারেল এজেন্টরা। এসময় তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

শুধু শনিবার নয়, এর আগের রাতেও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। আইসিই এজেন্টরা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান পরিচালনা করে। অভিযানে শুধু শুক্রবারেই অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের প্রতিবাদে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন: “মুক্তি দাও, মুক্তি দাও!”

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, চলতি সপ্তাহে আইসিই-এর অভিযানে মোট ১১৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যার বড় অংশই লস অ্যাঞ্জেলেস শহর থেকে।

error: Content is protected !!