সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার (৭ জুলাই) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে, ৬ ও ৯ সেপ্টেম্বর।
এ সময়ে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে সেপ্টেম্বর উইন্ডোতে অধিকাংশ দল বিশ্বকাপ বাছাই বা পূর্বনির্ধারিত ম্যাচে ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত এশিয়ার দেশগুলোর দিকেই মনোযোগ দেয় বাফুফে।
বিভিন্ন এশীয় দেশের সঙ্গে আলোচনা চললেও শেষ পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নেপাল ও শ্রীলঙ্কার নাম সামনে আসে। তবে শ্রীলঙ্কা সে সময় ভুটান-এর বিপক্ষে কলম্বোতে খেলবে। অন্যদিকে, নেপাল বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করলে বাফুফে তাতে সম্মতি জানায়। যদিও নেপালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলেও বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আগামী ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাই-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং-এর মুখোমুখি হবে বাংলাদেশ। হংকংয়ের ফিফা র্যাংকিং ১৫৩, আর নেপালের অবস্থান ১৭৩। শক্তিশালী হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে অপেক্ষাকৃত নিচের র্যাংকিংয়ের নেপালের বিপক্ষে প্রস্তুতি সারবে বাংলাদেশ।
