ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর এলাকায় ভোটকেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সিলেট মহানগর পুলিশের আওতাধীন ছয়টি থানায় মোট ২৯৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯৫টি কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’, ১৩৪টি ‘গুরুত্বপূর্ণ’ এবং ৬৫টি ‘সাধারণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য, মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। প্রতিটি কেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলায় মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসনের ভোটকেন্দ্রগুলো মহানগর পুলিশের ছয়টি থানার আওতায় পড়েছে। এছাড়া সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ সুরমা উপজেলার কিছু কেন্দ্র মহানগর পুলিশের দুটি থানার নিয়ন্ত্রণে রয়েছে। বাকি আসনগুলোর কেন্দ্র—সিলেট-২, ৪, ৫, ৬ এবং সিলেট-৩ এর অন্যান্য অংশ—জেলা পুলিশের অধীনে রয়েছে।
গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, মহানগর এলাকার অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসজ্জিত ১০ জন পুলিশ ও নারী আনসার দায়িত্ব পালন করবেন। অপরদিকে গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসজ্জিত ১০ জন পুলিশ ও নারী আনসার মোতায়েন থাকবে।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, ভোটকেন্দ্রের দূরত্ব, ভোটারের সংখ্যা এবং দুর্গম এলাকার বিষয় বিবেচনায় জেলার ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জেলার ৬১৯টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।