ছবি সংগৃহীত
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এতে করে চলতি বছরে বিভাগের মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। এর মধ্যে শুধুমাত্র চলতি অক্টোবর মাসেই ৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলাগুলোতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।
চলতি বছরের হিসেবে, সিলেট জেলায় ডেঙ্গু আক্রান্ত ৩৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে ১২২ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে ভর্তি রোগীর সংখ্যা ৮ জন।
অন্যদিকে, করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার সিলেট বিভাগে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে মোট ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
