রাজধানীতে পুলিশের বাধার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চার দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর রবিবার (১২ অক্টোবর) সকাল থেকেই সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকায় অবস্থানরত শিক্ষকরা। তারা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানভেদে পরিস্থিতি ভিন্ন। অনেক এমপিওভুক্ত স্কুল-কলেজে গিয়ে দেখা গেছে, শিক্ষকরা উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছেন না। তাদের দাবি, সরকার দাবি পূরণ না করা পর্যন্ত তারা পাঠদান থেকে বিরত থাকবেন।
অন্যদিকে, কিছু প্রতিষ্ঠানে নিয়মমাফিক পাঠদান চলছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, তারা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন, তবে শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে ক্লাস কার্যক্রম বন্ধ রাখেননি।
এর আগে, রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সেখান থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
