বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি আবেদনকারীদের জন্য কেবল ই-ভিসা (e-Visa) ইস্যু করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ British High Commission Dhaka।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীকে তার পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ই-ভিসা যাচাইয়ের জন্য একটি UKVI অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভ্রমণের আগে সংশ্লিষ্ট সব তথ্য সঠিকভাবে যাচাই করা বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, UKVI অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ সম্পন্ন হওয়ার পরই ভিসাপ্রাপ্ত ব্যক্তি যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন। এ সেবা গ্রহণে কোনো অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না।
বিস্তারিত তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট www.gov.uk/eVisa ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
