হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা: যুদ্ধবিরতির মাঝে স্বস্তির বার্তা দিল ইরান
:
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১৭
ছবি: সংগৃহীত
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রেক্ষাপটে দীর্ঘদিনের উত্তেজনার পর স্বস্তির বার্তা দিয়েছে ইরান। বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে তেহরান।
শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধবিরতির সময়কালজুড়ে বাণিজ্যিক জাহাজগুলো এই প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
আরাঘচি উল্লেখ করেন, লেবাননের পরিস্থিতির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ করতে হবে।
এর আগে মার্কিন পাল্টা অবরোধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা দেখা দেয়। ইরানের নতুন ঘোষণার ফলে সেই অস্থিরতা কমে আসবে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই নৌপথ সচল থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।