শিরোনাম

চার মাসেই গঠনতন্ত্র অনুমোদন করলো জাতীয় নাগরিক পার্টি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-২১

প্রতিষ্ঠার মাত্র চার মাসের মাথায় গঠনতন্ত্র অনুমোদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  গত শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ষষ্ঠ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার পর এক সংবাদ সম্মেলনে সদস্যসচিব আখতার হোসেন জানান, কিছু সংশোধনীসহ গঠনতন্ত্রের খসড়া অনুমোদন করা হয়েছে। কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আহ্বায়ক কমিটি প্রয়োজনে এতে সংশোধন আনতে পারবে।

গঠনতন্ত্র অনুযায়ী, সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন জাতীয় কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে এই পদগুলোতে দায়িত্ব পালন করতে পারবেন। কেন্দ্রীয় কমিটির মেয়াদ তিন বছর, আর মেয়াদ শেষে ৯০ দিনের মধ্যে কাউন্সিল আয়োজনের বিধান রয়েছে।

রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে থাকবে ১১ থেকে ১৫ সদস্যের একটি ‘রাজনৈতিক পরিষদ’ যেখানে অন্তত তিনজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক। এর বেশিরভাগ সদস্য নির্বাচন করবেন জাতীয় কাউন্সিলররা এবং বাকিদের মনোনয়ন দেবেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির মনোনীত প্রতিনিধিদের নিয়ে ‘ন্যাশনাল কাউন্সিল’ গঠিত হবে, যা দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও শীর্ষ নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখবে।

নিবন্ধনের সময়সীমা সামনে রেখে নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে দলটি। এ বিষয়ে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, খালেদ সাইফুল্লাহ ও জহিরুল ইসলাম।

error: Content is protected !!