ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিত্যক্ত একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। বন বিভাগের একটি পরিত্যক্ত ভবনের অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে ৮টি পাওয়ার জেল ও ৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে র্যাব এসব তথ্য নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত সামগ্রীগুলো উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের ধারণা, এসব বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। উদ্ধার করা পাওয়ার জেল ও ডেটোনেটর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর শিববাড়ি এলাকায় রেলওয়ের একটি পুরাতন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় তৈরি ৬টি পাওয়ার জেল ও ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।
