মাত্র তিন দিনেই শেষ হয়েছে কিংস্টনে অনুষ্ঠিত তৃতীয় টেস্ট ম্যাচটি। সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর।
২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৪.৩ ওভারে। ইনিংসের প্রথম ওভারেই তিনটি উইকেট তুলে নিয়ে ধস নামান মিচেল স্টার্ক। একাই শিকার করেন ৬ উইকেট। এই ম্যাচে ইতিহাস গড়েছেন স্কট বোল্যান্ডও—টেস্ট ইতিহাসের মাত্র দশম বোলার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন দলীয় স্কোর ২৬, ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন স্কোর ছিল ৪৭ রান, সেটিও হয়েছিল জ্যামাইকায় ইংল্যান্ডের বিপক্ষে।
এর আগে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১২১ রানে, ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের। তবে ব্যাটিংয়ে নেমেই স্টার্কের গতির সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দলটি তোলে ২২৫ রান। স্টিভ স্মিথ করেন ৪৮ এবং ক্যামেরন গ্রিন করেন ৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শামার জোসেফ নেন ৪ উইকেট, সিলস ও গ্রেভস শিকার করেন ৩টি করে উইকেট।
