শিরোনাম

সাদা পাথরে আর হরিলুট নয়: ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার নজরদারিতে রাখার ঘোষণা

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-২২
ছবি সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, সাদা পাথর এলাকা ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। তিনি বলেন, সাদা পাথরে শুধু লুট নয়, হরিলুট হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন—সে যত বড় রাজনৈতিক দলের নেতা কিংবা প্রশাসনের কোনো কর্মকর্তা হোক—কেউই ছাড় পাবে না। কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

শুক্রবার (২২ আগস্ট) সকালে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় মন্ত্রিপরিষদের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

সচিব আরও বলেন, সাদা পাথরসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার নজরদারি থাকবে। একই সঙ্গে যাতে আর কেউ অবৈধভাবে পাথর উত্তোলন করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

এ সময় খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনা হলেও আগের মতো প্রাকৃতিক সৌন্দর্য পুরোপুরি ফিরবে না। তবে পূর্বের অবস্থায় কিছুটা হলেও ফিরে আসার চেষ্টা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। এ সময় নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম সিলেটের সব পর্যটন কেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

error: Content is protected !!