শিরোনাম

রাজনগরে আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরোধ: ডাকাতি নাকি নাশকতা, নিশ্চিত নয় পুলিশ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-১৭

মৌলভীবাজারের রাজনগরে থানা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে রাজনগর–ফেঞ্চুগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। ভোর রাতে গাছ ফেলা হলেও সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সড়ক পরিষ্কার করলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনাটি ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছে, নাকি শুধুই সড়ক অবরোধ—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের বরাতে জানা যায়, রাজনগর থানার উত্তর দিকে প্রায় দুই কিলোমিটার দূরে সদর ইউনিয়নের নন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোররাত চারটার দিকে দুর্বৃত্তরা দুটি বড় গাছ কেটে মহাসড়কের ওপর ফেলে দেয়। তখন যান চলাচল কম থাকলেও কয়েকটি দূরপাল্লার গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসকে জানায়।

সকাল সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের কেউ কেউ জানান, ভোরে জোরে কিছু পড়ে যাওয়ার শব্দ তারা শুনলেও গাছ ফেলা হচ্ছে—তা বুঝতে পারেননি।

পুলিশের ধারণা, দক্ষ গাছ কাটার লোক ছাড়া এত দ্রুত এ ধরনের বড় গাছ কাটা সম্ভব নয়। তারা মনে করছেন, ঘটনাটি ডাকাতির উদ্দেশ্যে ঘটানো হয়নি, কারণ কোনো গাড়িতে হামলার খবর পাওয়া যায়নি।

রাজনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আলী হোসেন বলেন, ভোর ৪টা ৫০ মিনিটে ওসি মোবারক হোসেন তাকে ফোনে ঘটনাটি জানান। পরে তিনি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাস্তা প্রাথমিকভাবে পরিষ্কার করেন। গাছ অপসারণে মৌলভীবাজার সওজ কর্তৃপক্ষও সহযোগিতা করে। সড়ক সম্পূর্ণ পরিষ্কার হওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান জানান, তিনি টহল অবস্থায় মুন্সীবাজার এলাকায় ছিলেন। পরে রাজনগর হয়ে টেংরা বাজার গেলে নন্দিউড়া বিদ্যালয়ের সামনে সড়কে তিনটি গাছ কেটে ফেলে রাখার খবর পান এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন।

তিনি আরও বলেন, বিষয়টি ডাকাতি নাকি সড়ক অবরোধ—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ডাকাতির কোনো লক্ষণ বা অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

error: Content is protected !!