শিরোনাম

আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি, ভয় কীসের”: বিচারপতি নজরুল

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-১৭

মানবতাবিরোধী অপরাধের বিচারে ভয়ভীতিহীন ও পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা আল্লাহর ওপর নির্ভর করে কাজ করি। কেউ বোমা মারলেও ভয় পাব না। কেউ গুলি করে মেরে ফেললেও সে আমার সব গুনাহ নিয়ে যাবে—তাতে আমার ভয় নেই। আমি তো কবরের পাশে দাঁড়িয়ে আছি, এখন ধাক্কা দিলেই পড়ে যাবো। ভয় করার কিছু নেই। আমরা এই তরী বয়ে নিয়ে যাব।’

মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর বিচারপতিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, ৮ মে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, যার লক্ষ্য জুলাইয়ের গণ-আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করা। আজকের সংবর্ধনার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘শত শত ছাত্র ও জনতা নিজেদের জীবন দিয়ে আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করেছেন। কেউ কেউ এখনও তাদের পাওয়া আঘাতের যথাযথ চিকিৎসা পাননি। বিচারক হিসেবে আমাদের দায়িত্ব ছাত্র-জনতার সেই দুর্ভোগ কমিয়ে আনা।’

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। তাঁদের প্রশংসা করে বিচারপতি বলেন, ‘তাঁরা নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে কাজ করবেন। আন্তর্জাতিক মানদণ্ড ও মানবাধিকারের বিষয়গুলো মেনেই তাঁরা বিচারকাজ পরিচালনা করবেন।’

এ সময় ট্রাইব্যুনাল-২–এর সদস্য বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরসহ অন্যান্য বিচারপতিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

error: Content is protected !!