সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় অংশ নিতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেট-২ আসনে লুনার শেষ নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সোহেল আহমদ চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জনসভাস্থলের কাছাকাছি পৌঁছালে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি।
তার আকস্মিক মৃত্যুতে বিশ্বনাথ উপজেলাসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে নির্বাচিত হন মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী। তিনি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
