শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে ওপেনার নাইম শেখের অন্তর্ভুক্তিকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন তিনি।
নাইম সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। প্রায় দুই বছর পর আবারও জাতীয় দলে জায়গা পেলেন এই বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কা সিরিজে নাইম শেখের পাশাপাশি ওপেনার হিসেবে রয়েছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন।
দলে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আছেন লিটন দাস ও জাকের আলি অনিক। এছাড়া দুইজন বিশেষজ্ঞ স্পিনার এবং পাঁচজন পেসারকে রাখা হয়েছে স্কোয়াডে।
দলে ফেরার খবর রয়েছে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ মিস করেছিলেন মুস্তাফিজ। এবার আঙুলের চোট কাটিয়ে দলে ফিরেছেন এই কাটার মাস্টার। অন্যদিকে দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সিরিজে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ফিট হয়ে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
বর্তমানে শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলছে। গল টেস্ট শেষ হওয়ার পর ২৫ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট, কলম্বোতে। এরপর ২ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ৮ জুলাই, পাল্লেকেলেতে।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
