সিলেট বিভাগে আগামী চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে বিভাগের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, দেশের উত্তরাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় সঞ্চালনশীল গভীর মেঘমালা সৃষ্টি হয়ে তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেটসহ আশপাশের অঞ্চলে স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট মহানগরের নিম্নাঞ্চলগুলোতে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।