ছবি সংগৃহীত
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭৮ জন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন শিক্ষক এবং একজন পাইলট রয়েছেন। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। শনাক্ত না হওয়া ছয়টি মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় সবচেয়ে বেশি হতাহত হয়েছেন সিএমএইচ ও বার্ন ইনস্টিটিউটে। উত্তরা আধুনিক, ঢাকা মেডিকেল ও ইউনাইটেড হাসপাতালেও আহতরা ভর্তি আছেন।
ডা. সায়েদুর রহমান হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানিয়ে বলেন, অধিকাংশ আহতই শিশু এবং রক্তের প্রয়োজন কম। নিরাপত্তার জন্য বার্ন ইনস্টিটিউট ঘিরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে স্কুল ভবনে আছড়ে পড়ে। চীনের তৈরি FT-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলে ভবনে আগুন ধরে যায়। হতাহতদের মধ্যে অধিকাংশই স্কুলের ছাত্রছাত্রী।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭১ জন।
