শিরোনাম

সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সংঘর্ষে আহত অন্তত ৪০

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২২

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রয়েছেন—আশিক, রাকিবুল, আসাদ, হাসান, আফসানা, মুগ্ধ, অন্তর, শাকিল, শাওন, তানসিন, সিয়াম, মাহিম, রেদোয়ান, হাসিব ও নেহালসহ আরও অনেকে।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলাকালে পুলিশ বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং অনেকে আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেল পৌনে ৪টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকে প্রবেশ করে ভেতরে বিক্ষোভ শুরু করেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভে সচিবালয়ের প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

error: Content is protected !!