ফ্রান্সের স্বীকৃতি পেতে যাচ্ছে ফিলিস্তিন, সেপ্টেম্বরেই ঘোষণা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৫

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেবেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। স্বীকৃতি কার্যকর হলে জি–৭ গোষ্ঠীর মধ্যে ফ্রান্সই হবে প্রথম দেশ, যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে মাখোঁ জানান, “গাজা যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং গাজার জন্য মানবিক সহায়তা অত্যন্ত জরুরি।” তিনি বলেন, “হামাসকে নিরস্ত্রীকরণের পাশাপাশি গাজা পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করাও প্রয়োজন।”

ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস উভয়েই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠিয়ে মাখোঁ এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে ‘সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার মতো’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে এরই মধ্যে স্পেন ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অনেক পশ্চিমা দেশ এখনো এ সিদ্ধান্ত নেয়নি। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই বিষয়ে ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন।

গাজা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা জানায়, গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে মারাত্মক মানবিক সংকট দেখা দিয়েছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ, এবং বহু শিশু অপুষ্টিতে ভুগছে। পরিস্থিতিকে ‘গণ-অনাহারের ঝুঁকি’ হিসেবে উল্লেখ করে তড়িৎ পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

error: Content is protected !!