ছবি; সংগৃহীত
একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে তা কমিয়ে আনার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ লক্ষ্যে মোবাইল অপারেটররা সংশ্লিষ্ট গ্রাহকদের এসএমএসের মাধ্যমে নিয়মিত অনুরোধ জানাবে এবং নিজ নিজ ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দেবে।
গ্রাহকরা *১৬০০১# নম্বরে ডায়াল করে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে, তা জানতে পারবেন। অতিরিক্ত সিম থাকলে ‘ট্রান্সফার অব ওনারশিপ’ করে অন্যের নামে হস্তান্তরের সুযোগও রয়েছে।
প্রথম দফায় এই কার্যক্রম ১৫ অক্টোবরের মধ্যে শেষ করার কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত করার সম্ভাবনা রয়েছে। এরপরও যারা ১০টির বেশি সিম রাখবেন, তাদের তালিকা অপারেটরদের জানিয়ে দেবে বিটিআরসির নিয়োজিত ভেন্ডর প্রতিষ্ঠান।
ওই তালিকার ভিত্তিতে প্রতিটি গ্রাহকের জন্য সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ১০টি সিম নির্ধারণ করা হবে। যেখানে সক্রিয়তা, ব্যবহার হার ও এমএফএস সংযুক্তি বিবেচনায় রাখা হবে। অপারেটরপ্রতি অন্তত একটি করে সিম রাখার বিষয়টিও নিশ্চিত করা হবে। বাকি সিমগুলো পরবর্তীতে বাতিল করা হবে।
