শিরোনাম

মাইলস্টোন কলেজে ক্লাস শুরু, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবেশ

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-০৬
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার ১৫ দিন পর বুধবার (৬ আগস্ট) কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেয়।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রেজাউল মাহি বলেন, “এটা খুব কষ্টের ঘটনা। আমরা অনেক ভাই-বোনকে হারিয়েছি। তবে থেমে থাকলে চলবে না, সামনে এগিয়ে যেতে হবে।”

প্রতিষ্ঠানের একাধিক শাখায় শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ছিল। শিক্ষক ও অভিভাবকেরা জানান, অনেক শিক্ষার্থী এখনো মানসিকভাবে বিপর্যস্ত। তবে কাউন্সেলিং ও শিক্ষকদের সহায়তায় তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে।

শিক্ষিকা ফারজানা রহমান জানান, দুর্ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং দেওয়া হচ্ছে।

একাধিক শিক্ষার্থী জানায়, তারা আগের মতো পরিবেশে ফেরার চেষ্টা করছে এবং শিক্ষকদের সহায়তায় ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।

প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, কলেজ শাখার পাঠদান শুরু হয়েছে। নবম শ্রেণির মিডটার্ম ও দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষা চলমান। তবে স্কুল শাখার (প্রথম থেকে অষ্টম শ্রেণি) ক্লাস শুরুর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

error: Content is protected !!