ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সিলেট পর্বের বাকি ম্যাচগুলোতে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছে সিলেট বিভাগের পুলিশ। এ বিষয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনে ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করতে হচ্ছে। এ কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
সিলেট বিভাগের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত ওই চিঠিতে বিসিবিকে বিকল্প নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল এবং সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে। সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এই মুহূর্তে সিলেট থেকে বিপিএল সরানোর কোনো সুযোগ নেই। ১২ জানুয়ারি পর্যন্ত সিলেটেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি বলেন, বোর্ড বিকল্প নিরাপত্তা ব্যবস্থার জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছে। প্রয়োজনে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তা নেওয়া হবে।
প্রসঙ্গত, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিলেটে ২ জানুয়ারি বিপিএলের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দুই দিনের খেলা স্থগিত হওয়ায় চট্টগ্রাম পর্ব বাতিল করে সিলেটে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।
এ সিদ্ধান্ত গ্রহণের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পর্যাপ্ত সমন্বয় করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পূর্বনির্ধারিত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে। নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা প্রতিরোধ এবং প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমানে পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।
