ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত বা বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শফিকুল আলম বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ইইউ জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে তারা একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ তখন কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। লেভেল প্লেয়িং ফিল্ড বজায় আছে এবং সরকার কোনো দলের পক্ষে বিশেষ সুবিধা দিচ্ছে না।
তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম। পতিত সরকারের সংশ্লিষ্ট কিছু ব্যক্তি মিসইনফরমেশন ছড়ানোর চেষ্টা করতে পারে। তবে এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মূল্যায়ন অনুযায়ী নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। দেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সেগুলো সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি ঘটনায় আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।
ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গণভোটের বিষয়েও আলোচনা হয়েছে। প্রয়োজনে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাই প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ সময় সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হলেও সেটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, বিষয়টি যাচাই না করে কিছু বিশিষ্ট ব্যক্তির দেওয়া বিবৃতি বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
