বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-২৬

আজ ২৬ ফেব্রুয়ারি। দেশের সর্বোচ্চ সামরিক সম্মানপ্রাপ্ত বীর সন্তান নূর মোহাম্মদ শেখ–এর ৯০তম জন্মবার্ষিকী।

১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে (বর্তমানে নূর মোহাম্মদনগর) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বাবা মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা। অল্প বয়সেই পিতামাতাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর), যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে পরিচিত, যোগ দেন।

কর্মজীবনের শুরুতে দীর্ঘ সময় দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্বশীলতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ পদোন্নতি পেয়ে ল্যান্স নায়েক হন। ১৯৭০ সালের জুলাই মাসে তাকে যশোর সেক্টরে বদলি করা হয়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৮ নম্বর সেক্টরের অধীনে সম্মুখযুদ্ধে অংশ নেন। সে সময় সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী, পরে দায়িত্ব পালন করেন মেজর এস এ মঞ্জুর। যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে তিনি বীরত্বের স্বাক্ষর রাখেন।

১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে এক তীব্র সম্মুখসমরে সহযোদ্ধাদের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন নূর মোহাম্মদ শেখ। তার অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র তাকে সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।

তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ২০০৮ সালে তার জন্মস্থান মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদনগর’ রাখা হয়। জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই বীর সেনানীকে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে।

error: Content is protected !!