পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। দেশের বিভিন্ন স্থানে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে রেশনিং ব্যবস্থা কিছুটা শিথিল করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিপিসি।
বিপিসির নতুন নির্দেশনা অনুযায়ী, জ্বালানি তেলের সরবরাহে যে ২৫ শতাংশ হ্রাস করা হয়েছিল তা কমিয়ে এখন ১৫ শতাংশ করা হয়েছে। ফলে বিভাগীয় শহরগুলোর পেট্রোল পাম্পগুলো আগের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি তেল পাবে।
বিপিসি জানায়, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে সৃষ্ট চাপের মধ্যে দেশের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয় থেকে ২৫ শতাংশ কমানোর পরিবর্তে এখন ১৫ শতাংশ হ্রাস ধরে ফিলিং স্টেশনগুলোতে বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
