এপ্রিলে ৪৭তম বিসিএসের লিখিত ফল প্রকাশ করবে পিএসসি

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০৪-০১
ছবি: সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। কমিশনের লক্ষ্য অনুযায়ী, আগামী এপ্রিল মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এ ফল প্রকাশ করা হতে পারে।

পিএসসি সূত্র জানায়, বিসিএস পরীক্ষার পুরো প্রক্রিয়ায় গতি আনতে নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করে কাজ চলছে। এক বছরের মধ্যে একটি বিসিএসের সব ধাপ সম্পন্ন করার পরিকল্পনার অংশ হিসেবেই ৪৭তম বিসিএস এগিয়ে নেওয়া হচ্ছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার কার্যক্রম দ্রুত শেষ করার লক্ষ্যে কমিশন কাজ করছে।

গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা। এতে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী দেশের আটটি বিভাগীয় কেন্দ্রে অংশ নেন।

এর আগে, একই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে প্রকাশ করে নজির স্থাপন করেছিল পিএসসি। গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২৮ সেপ্টেম্বর।

কমিশন সূত্রে আরও জানা গেছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুতই মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ঘোষণা করা হবে।

পিএসসির লক্ষ্য অনুযায়ী, প্রতি বছরের অক্টোবরের মধ্যেই একটি বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ নিশ্চিত করা হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিনের বিসিএস জট কমানো এবং নিয়োগ প্রক্রিয়ায় সেশন জট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ে ফল প্রকাশ হলে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কাটবে।

error: Content is protected !!