ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি বাংলাদেশ সরকার, জনগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে সহানুভূতি ও সংহতি প্রকাশ করা হয়েছে, সে জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকাস্থ ইরান দূতাবাস। বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিবৃতিতে ইরান দূতাবাস জানায়, বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশ, বিভিন্ন সংবেদনশীল বক্তৃতা ও বিবৃতি এবং দেশের সাধারণ জনগণ, শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক কর্মীদের স্পষ্ট ও দৃঢ় অবস্থান—এসবই মানবিক চেতনা, ন্যায়বিচার, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির স্পষ্ট প্রতিফলন।
দূতাবাস আরও উল্লেখ করে, ইরানি জনগণের প্রতিরোধ আসলে তাদের জাতীয় ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ। এটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় অঙ্গীকারকে তুলে ধরে। একই সঙ্গে এই প্রতিরোধ আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ববাসীর কাছে একটি সুস্পষ্ট বার্তা প্রেরণ করছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল বৈধ অধিকার নয়, বরং এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্বও।
বিবৃতির শেষ অংশে জোর দিয়ে বলা হয়, সহিংসতা, আগ্রাসন এবং সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে বিশ্ববাসীর পারস্পরিক সংহতি অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ যে মূল্যবান সমর্থন ও সংহতি প্রদর্শন করেছেন, তার জন্য তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান দূতাবাস।
