ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে ইতালিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। সোমবার (১ জুন) ভিসা আবেদন গ্রহণকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানিয়েছে।
নতুন নির্দেশনায় ভাষাগত যোগ্যতা, স্পন্সরশিপের শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
ভিএফএস গ্লোবাল জানায়, ইতালির বিশ্ববিদ্যালয়ের পোর্টালে নিয়মিতভাবে নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে। ওই ইমেইলের মাধ্যমেই স্টুডেন্ট ভিসা আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানানো হবে। ফলে শিক্ষার্থীদের আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করার প্রয়োজন হবে না। বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় ব্যবহৃত ইমেইল ঠিকানাতেই এ সংক্রান্ত বার্তা পাঠানো হবে।
স্পন্সরশিপের ক্ষেত্রেও আগের তুলনায় সুযোগ বাড়ানো হয়েছে। এখন বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা, ফুপু, মামা, খালা এবং কাজিনরাও আর্থিক স্পন্সর হিসেবে গ্রহণযোগ্য হবেন। এছাড়া ইতালিতে বসবাসরত আত্মীয়-স্বজনও স্পন্সর হতে পারবেন।
ভাষাগত দক্ষতার বিষয়ে দূতাবাস জানিয়েছে, আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে। সনদে মৌখিক ও লিখিত বোধগম্যতা, কথা বলা এবং লেখার সক্ষমতা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার উদ্দেশ্যের সত্যতা যাচাইয়ের জন্য আবেদনের সঙ্গে সিআইএমইএ (CIMEA) অথবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু (Declaration of Value) জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির ভিত্তিতে স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ অক্টোবর।
