ছবি: সংগৃহীত
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করার নির্দেশনা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। একই সঙ্গে কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন পথ ব্যবহার করে সাদাপাথরে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি বৃহস্পতিবার (৪ জুন) কালাইরাগ এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়। সেখানে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করে সাদাপাথরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করতে হবে। কালাইরাগ হয়ে সীমান্তঘেঁষা পথ দিয়ে পর্যটকদের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে বিষয়টি নিয়ে নৌকাঘাটের ইজারাদাররা সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবি, ১৪৩৩ বাংলা সনের ইজারা শর্ত অনুসারে সাদাপাথর ঘাট সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং এ বিষয়ে উপজেলা প্রশাসন অবগত রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে ভারত সীমান্তসংলগ্ন পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। তবে ওই পথটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে দুর্ঘটনা, অবৈধ সীমান্ত অতিক্রম এবং মানবপাচার চক্রের খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে। এসব ঝুঁকি এড়াতে কালাইরাগের ওই পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
নৌকাঘাটের ইজারাদার মো. লিলু অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ঘাট পরিচালনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তিনি পর্যটকদের উদ্দেশে বলেন, নিরাপত্তার স্বার্থে কোনো বিকল্প বা সীমান্তসংলগ্ন পথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট হয়ে সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াত করা উচিত।
