আল্লামা গহরপুরী রহ. সম্পর্কে এমপি এম এ মালিকের আপত্তিকর বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেটের তীব্র নিন্দা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-০৮

আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বরেণ্য বুজুর্গ, শাইখুল হাদীস আল্লামা হাফিজ নুর উদ্দীন আহমদ গহরপুরী (রহ.) সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ, অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। তাঁর এ ধরনের বক্তব্য একজন প্রখ্যাত আলেমে দ্বীনের মর্যাদার পরিপন্থী এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা লাখো ভক্ত-অনুরাগী, ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে গভীর আঘাত হেনেছে।
যুব মজলিস, সিলেট জেলা শাখা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জেলা নেতৃবৃন্দ এক বিবৃতে বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে দায়িত্বশীল, শালীন ও সংযত আচরণ প্রত্যাশিত। কিন্তু এম এ মালিকের এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত এবং রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচারের সীমা লঙ্ঘন করেছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ব্যক্তি, আলেম বা জনপদের মানুষের সম্মান ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।
আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি,  এম এ মালিক তাঁর আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে আল্লামা গহরপুরী রহ.-এর অনুসারী, গহরপুরবাসী ও সমগ্র দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন।
অন্যথায়, পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা যুব সমাজ ও দেশবাসীকে সঙ্গে নিয়ে যে কোনো কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এর ফলে উদ্ভূত অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে এম এ মালিককেই বহন করতে হবে। (প্রেস বিজ্ঞপ্তিত)।

error: Content is protected !!