সিলেটসহ ৬১ জেলা পরিষদের উন্নয়নে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-১০
ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন জেলার অবকাঠামোগত ও জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদগুলোর জন্য ১৭৭ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার। সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদ এ বরাদ্দের আওতায় এসেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ‘জেলা পরিষদ উন্নয়ন সহায়তা’ খাত থেকে এ অর্থ এককালীন অবমুক্ত করেছে। গত ২ জুন স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, ‘বিশেষ বরাদ্দ’ উপ-খাতের আওতায় ছাড়কৃত এ অর্থ জেলা পরিষদগুলো নিজ নিজ এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করতে পারবে। স্থানীয় প্রয়োজন ও উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় জেলা পরিষদভেদে পৃথক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, অধিকাংশ জেলা পরিষদ ২ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে পেয়েছে। এছাড়া কয়েকটি জেলা পরিষদের জন্য ২ কোটি ৯১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত জেলা পরিষদগুলোর মধ্যে রয়েছে সিলেট, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, যশোর, বগুড়া, পাবনা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজার, সাতক্ষীরা, বাগেরহাট, হবিগঞ্জ, ভোলা, পিরোজপুর, বরগুনা, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও জয়পুরহাটসহ দেশের ৬১টি জেলা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই অর্থ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহায়ক হবে। একই সঙ্গে জেলা পরিষদগুলোর নিজস্ব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও বরাদ্দটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদেশে আরও বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন (পিপিএ-২০০৬), সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০২৫), জেলা পরিষদ এডিপি বরাদ্দ ব্যবহার নির্দেশিকা-২০২২ এবং সংশ্লিষ্ট আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

error: Content is protected !!