ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকে দলীয় বা সরকারি তোষামোদের ঊর্ধ্বে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের কাছে সত্যকে নির্ভুলভাবে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে টেলিভিশন শিল্পের বর্তমান অবস্থা, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ উদ্দেশ্যে সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৮ জুন এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি নীতিগত কাঠামো প্রণয়ন করা হলে গণমাধ্যম খাতের বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধান সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, টেলিভিশন খাতকে একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে স্বীকৃতি ও বিকাশের জন্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের দাবিও উত্থাপন করা হয়েছে।
