ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এদিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। টানা বৃষ্টির মধ্যেও অনেকেই ছাতা, রেইনকোট কিংবা পলিথিন ব্যবহার করে মাঠে অবস্থান নেন। মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও মানুষের ভিড় দেখা যায়।
প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় থাকা জনতার মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা। স্থানীয়দের মতে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এমন জনসমাগম শ্রীমঙ্গলে খুব কমই দেখা যায়, যা সফরকে ঘিরে মানুষের আগ্রহেরই প্রতিফলন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।
অনুষ্ঠানে তিনি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করবেন। এছাড়া ক্ষুদ্র জাতিসত্ত্বা ও নৃগোষ্ঠীর পাঁচজনকে জীবনমান উন্নয়নের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং পাঁচজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষা অনুদান দেওয়া হবে।
এছাড়া দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনের হাতে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক তুলে দেওয়া হবে। টেকসই আবাসন নির্মাণে সহায়তার অংশ হিসেবে পাঁচজন চা-শ্রমিককে দুই লাখ টাকা করে বরাদ্দপত্রও প্রদান করবেন প্রধানমন্ত্রী।
এর আগে দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর আগমনের পূর্বমুহূর্তে প্রবল বাতাসে উপকারভোগীদের জন্য নির্মিত একটি প্যান্ডেল ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং মূল মঞ্চেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
