সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-১০
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তাদের মৃত্যু হয়। একই সময়ে সন্দেহজনক হাম রোগে নতুন করে ১২২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪২ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৭১ জন, সিলেট জেলায় ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৩ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুইজন রুবেলায় আক্রান্ত বলে জানা গেছে।

এদিকে, নতুন ভর্তি হওয়া ১২২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৪ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৪ জন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৬৮ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।

মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের আকরামুল। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর শিশু সাইফান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার যিলাছড়া এলাকার বাসিন্দা। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

error: Content is protected !!