ড. ইউনূসসহ ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০৫-১৭
ছবি: সংগৃহীত

হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-সহ উপদেষ্টা পরিষদের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রবিবার (১৭ মে) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন।

রিটে উল্লেখ করা হয়, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে বিবেচিত হতে পারে। এ প্রেক্ষিতে ড. ইউনূসসহ সংশ্লিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া রিটে ড. ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা মিলিয়ে মোট ২৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করা হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

এর আগে একই বিষয়ে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম লিগ্যাল নোটিশ পাঠালেও কোনো সাড়া না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। জানা গেছে, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শিগগিরই রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে।

error: Content is protected !!