দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সরকারি হাসপাতালে জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব নির্দেশনা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই হাম রোগীকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়া যাবে না। হাসপাতালে আসা রোগীদের দ্রুত ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
এছাড়া হাম রোগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রোগী পরিদর্শন নিশ্চিত করতে বলা হয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে দর্শনার্থী প্রবেশেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতিটি ভর্তিকৃত রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী থাকার অনুমতি দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদফতর আরও নির্দেশ দিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া হাম রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করতে হবে। পাশাপাশি জরুরি সহায়তার জন্য একটি হটলাইন নম্বর চালু রাখার কথাও জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই দ্রুত শনাক্তকরণ, রোগীকে আইসোলেশনে রাখা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।