বেদানা খাওয়ার আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৯-০৭

আমরা জানি, ফল খাওয়া শরীরের জন্য অত্যন্ত জরুরি। তবে প্রতিদিন এত রকম ফলের মধ্যে কোনটা খাবেন, সেটা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। এর মধ্যেই একটি ফল হলো বেদানা—ছোট ছোট টকটকে লাল দানা শুধু দেখতেই নয়, পুষ্টিগুণেও ভরপুর।

সম্প্রতি ভারতের পুষ্টিবিদ অনুশ্রী মিত্র জানিয়েছেন, নিয়মিত বেদানা খাওয়া শরীরের নানা সমস্যার সমাধান করে। চলুন দেখে নেওয়া যাক এর প্রধান উপকারিতা—

১. পুষ্টির ভাণ্ডার

বেদানায় রয়েছে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম। এসব উপাদান শরীরকে শক্তিশালী রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

এই ফলে আছে অ্যান্থোসায়ানিন, যা শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে। এটি কোষ রক্ষা করে এবং ক্যানসারসহ দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়।

৩. হৃদরোগের ঝুঁকি কমায়

বেদানার রস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। একই সঙ্গে খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে সুস্থ রাখে।

৪. ডায়াবেটিস রোগীর জন্য উপকারী

এর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না। তাই ডায়াবেটিস রোগীরাও নির্ভয়ে খেতে পারেন।

৫. হজমে সহায়ক

ডায়েটারি ফাইবার সমৃদ্ধ হওয়ায় বেদানা হজম প্রক্রিয়াকে সহজ করে। পেট পরিষ্কার রাখে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তবে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত।

৬. ত্বকের জন্য উপকারী

অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে ফ্রি র‌্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এতে বলিরেখা কমে, ত্বক হয় উজ্জ্বল ও টানটান।

৭. রক্তশূন্যতায় সহায়ক

বেদানায় সরাসরি আয়রন না থাকলেও এর ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সহায়তা করে। ফলে হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্তশূন্যতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কখন খাবেন বেদানা?

পুষ্টিবিদদের মতে—

  • সকালের নাশতার পর

  • দুপুরের খাবারের আগে অথবা বিকেলে

  • সরাসরি দানা চিবিয়ে খাওয়াই সবচেয়ে ভালো। চাইলে রস হিসেবেও খেতে পারেন।

  • এছাড়া টক দই, ওটস, স্মুদি কিংবা ফলের সালাদের সঙ্গেও বেদানা খাওয়া যায়।

শেষকথা

ছোট ফল হলেও বেদানার গুণ অসংখ্য। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে শরীর ও ত্বক দুটোই সুস্থ থাকবে। তবে যাদের বিশেষ শারীরিক সমস্যা আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করবেন।

 

error: Content is protected !!